
যশোরের চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর বাওড়ের নৈশ প্রহরী আতিয়ার রহমান হত্যা মামলায় পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল আলিম (৪৭) নামে আরও এক নৈশ প্রহরীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার দিবাগত রাতে উপজেলার ফতেপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল আলিম ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শেখ হাদীউজ্জামান জানান, নৈশ প্রহরী আতিয়ার রহমান হত্যা মামলায় এর আগে কবির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তিনি আরও জানান, কবির হোসেনের দেওয়া জবানবন্দিতে আতিয়ার রহমান হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে সহযোগিতার অভিযোগে আব্দুল আলিমের নাম উঠে আসে। ওই তথ্যের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।
এসআই শেখ হাদীউজ্জামান জানান, মঙ্গলবার আব্দুল আলিমকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, নিহত আতিয়ার রহমান চৌগাছা উপজেলার লস্কারপুর গ্রামের বাসিন্দা ছিলেন। গত ২১ জুন দুপুরে বেড়গোবিন্দপুর বাওড়ের ডাইনের বিল ক্যানেল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের ভাই রাশেদ আলী বাদী হয়ে চৌগাছা থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত প্রথমে চৌগাছা থানা পুলিশ শুরু করলেও পরে তা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন
০৭ জুলাই ২০২৬, ০১:৩৯ এএম
০৭ জুলাই ২০২৬, ০৩:২৩ এএম
০৭ জুলাই ২০২৬, ১০:২৫ এএম