
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোরের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭০ বোতল রেক্টিফায়েড স্পিরিট উদ্ধার করা হয়েছে। এ সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) সকাল ৮টার দিকে যশোর সদর উপজেলার কোতোয়ালী মডেল থানার বাহাদুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. নয়ন হোসেন (২৩) এর বসতঘর থেকে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বাহাদুরপুর এলাকার আজিজুর রহমানের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছা. রাফিজা খাতুন কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
একই দিন সকাল ৯টা ১০ মিনিটে কোতোয়ালী মডেল থানার পূর্ব বারান্দী নাথপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালিত হয়। অভিযানে মো. রেজাউল ইসলাম (৪০) এর বসতঘর থেকে ৭০ বোতল রেক্টিফায়েড স্পিরিট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত মকছেদ আলীর ছেলে। এ ঘটনায় উপ-পরিদর্শক মদন মোহন সাহা কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন