
যশোরের মণিরামপুরে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, ঋণের চেক, বিভিন্ন প্রজাতির গাছের চারা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশের প্রাণ হচ্ছে গ্রাম। গ্রাম উন্নত না হলে দেশের সার্বিক উন্নয়ন কখনোই টেকসই হতে পারে না। কৃষি, সমবায়, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পল্লী অর্থনীতি গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। উন্নয়নের এ ধারাকে আরও বেগবান করতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও সম্প্রসারণ করতে হবে। প্রয়োজনে নাম পরিবর্তন করে ‘মণিরামপুর পল্লী উন্নয়ন একাডেমি’ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এ প্রতিষ্ঠান বাস্তবায়িত হলে দক্ষ মানবসম্পদ গড়ে ওঠার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফজলুল হক, মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন শাহনাজ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ, বিআরডিবির সভাপতি মুনছুরুর রহমান, উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা সামনুর রহমান এবং থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সমবায় সংগঠক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
মন্তব্য করুন