
নড়াইলের লোহাগড়া উপজেলায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির ওপর উল্টে পড়ে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলদী খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীমা আক্তার সেতু (১৪) ওই এলাকার হাফিজার মোল্যার মেয়ে। তিনি স্থানীয় নলদী বিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আহত তার ছোট বোন মিতু খানম (১২) একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
নলদী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিচুজ্জামান জানান, পাথরবোঝাই ট্রাকটি নলদী খালপাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের বাম পাশের একটি বাড়ির ওপর উল্টে পড়ে।
দুর্ঘটনায় সেতু ও মিতু গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শামীমা আক্তার সেতুকে মৃত ঘোষণা করেন। আহত মিতু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকটি ফেলে চালক ও তার সহকারী পালিয়ে যান। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন
০৫ জুলাই ২০২৬, ০১:৫৫ পিএম
০৫ জুলাই ২০২৬, ০৮:০৪ পিএম