সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

খুলনায় নার্সারি ব্যবসার প্রসার, স্বাবলম্বী হচ্ছেন শতাধিক উদ্যোক্তা

রাজু আহমেদ, খুলনা ব্যুরো
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১১:২২ এএম
ছবি: প্রতিনিধি

খুলনায় দিন দিন বাড়ছে বৃক্ষরোপণের আগ্রহ। নিজেদের পুষ্টির চাহিদা পূরণ, পরিবেশ রক্ষা এবং শখের বাগান গড়ে তুলতে এখন অনেকেই ফল, সবজি ও ঔষধি গাছের চাষে ঝুঁকছেন। এর ফলে ফলদ চারা ও কলমের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই চাহিদাকে কেন্দ্র করে খুলনা মহানগরীসহ জেলার নয়টি উপজেলায় দ্রুত বিস্তার ঘটছে নার্সারি ব্যবসার। এই খাতে যুক্ত হয়ে অনেক উদ্যোক্তা আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন, কেউ কেউ শূন্য থেকে লাখপতিও হয়েছেন।

অনেক উদ্যোক্তা প্রথমে ইজারা নেওয়া জমিতে নার্সারি শুরু করে পরবর্তীতে নিজস্ব জমি ও বাড়ির মালিক হয়েছেন। তাদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে জেলার বিভিন্ন উপজেলায় নতুন নতুন নার্সারি গড়ে উঠছে, যা স্থানীয় কৃষি অর্থনীতিতে নীরব বিপ্লব সৃষ্টি করছে।

খুলনা জেলা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু মাসুদ জানান, জেলার প্রায় সব নার্সারিতেই হাড়িভাঙ্গা, ল্যাংড়া, আম্রপালি, হিমসাগর, ফজলি, গৌরমতি, বারি-৪, ব্যানানা ম্যাঙ্গো, চিয়াংমাই, ব্রুনাই কিং, মিয়াজাকি ও ডগমাই জাতের আমের চারা পাওয়া যায়। এছাড়া আঠাহীন কাঁঠাল, ভিয়েতনাম ও কেরালার নারকেল, সুপারি, সফেদা, শরিফা, বেদানা, মাল্টা, কুল, কামরাঙ্গা, সেগুন, মেহগনি, শাল, বাবলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, চালতা, কদবেল, কাজুবাদাম, রক্তচন্দন, শ্বেতচন্দন, পেয়ারা, আঙুর, লিচু, জাম, ডালিম, ইউক্যালিপটাস, শিলকড়াই, শিরিষ, নিম, আমড়া, লটকন, চুইঝাল, লবঙ্গ, হরিতকী, বহেরা, অর্জুন, বিভিন্ন জাতের লেবু, মিষ্টি তেঁতুল, অ্যালোভেরা, গোলাপ, ক্যাকটাসসহ নানা ধরনের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিক্রি হয়।

খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম জানান, জেলায় নিবন্ধিত নার্সারির সংখ্যা ৬৮টি এবং অনিবন্ধিত নার্সারি রয়েছে ২২০টি। অর্থাৎ সরকারি হিসাবে মোট ২৮৮টি নার্সারি থাকলেও প্রকৃত সংখ্যা ৪০০-এরও বেশি। তিনি বলেন, নিবন্ধন না করলে জরিমানার বিধান না থাকায় অনেক মালিক নিবন্ধন করেন না। ফুলতলা ও পাইকগাছা উপজেলায় সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি নতুন নার্সারি গড়ে উঠেছে, যেখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চারা সরবরাহ করা হচ্ছে।

খুলনা জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি এস এম বদরুল আলম রয়েল বলেন, উন্নতমানের চারা উৎপাদনে মাতৃগুণ বজায় রাখা, দ্রুত ফলন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অধিক ফলনের জন্য অঙ্গজ বংশবিস্তার পদ্ধতি ব্যবহার করা হয়। এর মধ্যে গুটি কলম, শাখা কলম (কাটিং), চোখ কলম (বাডিং), গ্রাফটিং বা জোড় কলম এবং উপজোড় কলম সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

তিনি জানান, জেলার নার্সারিগুলোতে প্রায় ২ হাজার ৫০০ দক্ষ ও অদক্ষ শ্রমিক কর্মরত রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী শ্রমিকও রয়েছেন, যারা চারার পরিচর্যা ও উৎপাদনে দক্ষতার সঙ্গে কাজ করছেন।

নার্সারি মালিকদের মতে, প্রান্তিক ব্যবসায়ীরা এসব নার্সারি থেকে কম দামে চারা কিনে গ্রামাঞ্চলের হাট-বাজারে বিক্রি করেন। চাহিদা ও মানভেদে একটি চারার পাইকারি দাম ৫ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

তাদের ভাষ্য, বছরে মূলত দুটি মৌসুমে চারা বিক্রি হয়। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ফুলের গাছের চারা এবং জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা সবচেয়ে বেশি বিক্রি হয়। বর্ষাকালকে সামনে রেখে সারা বছরই বিভিন্ন প্রজাতির চারা উৎপাদনের কাজ চলে।

ফুলতলা উপজেলা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আবুল বাশার বলেন, উপজেলার অধিকাংশ মানুষই কোনো না কোনোভাবে নার্সারি ব্যবসার সঙ্গে জড়িত। এটি স্থানীয় মানুষের অন্যতম প্রধান আয়ের উৎস। বর্ষাকালে বৃক্ষরোপণের উপযোগী পরিবেশ থাকায় প্রতিদিনই মানুষ বিভিন্ন ফল ও ঔষধি গাছের চারা কিনতে নার্সারিতে ভিড় করছেন।

চারাগাছ কিনতে আসা খুলনা নগরীর মুজগুন্নী এলাকার রোকেয়া বেগম রাকু জানান, তিনি শোভাবর্ধনকারী গাছের পাশাপাশি নিম, অ্যালোভেরা, গোলাপ, ক্যাকটাস ও বিভিন্ন ফলদ গাছ লাগিয়েছেন। এত গাছ সংগ্রহ হয়েছে যে, বাড়িতেই ছোট একটি নার্সারির মতো পরিবেশ তৈরি হয়েছে।

খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আব্দুস সামাদ বলেন, নার্সারি ব্যবসা অত্যন্ত লাভজনক। পরিকল্পিতভাবে এই ব্যবসা করলে সহজেই স্বাবলম্বী হওয়া সম্ভব। খুলনায় উৎপাদিত চারা ও কলমের সুনাম দেশের বিভিন্ন জেলায় রয়েছে। পাশাপাশি ছাদবাগানের প্রতিও মানুষের আগ্রহ বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে পুরো খুলনা জেলা আরও সবুজ হয়ে উঠবে।

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এর আওতায় মহাসড়কের পাশ, সরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে বড় পতন

মহেশপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেইমারের জন্য মন পুড়ছে মাশরাফির  

সুনামগঞ্জে ৪ প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাড়ির ওপর ট্রাক উল্টে স্কুলছাত্রীর মৃত্যু,আহত ছোট বোন

কক্সবাজারে পৃথক পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

খুলনায় নার্সারি ব্যবসার প্রসার, স্বাবলম্বী হচ্ছেন শতাধিক উদ্যোক্তা

জুলাই নিয়ে মন্তব্য / সাংবাদিক আনিস, অভিনেত্রী শাওনসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ কুষ্টিয়ায়

তেহরানে খামেনির প্রতি কোটি মানুষের শ্রদ্ধা

ফেসবুকি সব সম্ভব!

কিংবদন্তির গল্প কখনো শেষ হয় না, ব্রাজিলের বিদায়ে পলাশ

বেগম রোকেয়া পদকের জন্য মনোনয়ন আহ্বান

বিপদ মুহূর্তে আল্লাহ নবীদের রক্ষা করেছিলেন যেভাবে

ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল

৬ জুলাই: ইতিহাসের এই দিনে কী ঘটেছিল

বিক্ষোভে উত্তাল জার্মানি

নেইমারের গোলো হলো না রক্ষা, ব্রাজিলকে বিদায় করল নরওয়ে

হালান্ডের বুলেট গোল, নরওয়ের কাছে হেরে বিদায়ের মুখে ব্রাজিল

গৌরীকে বিয়ে করলেন আমির খান

X