
ব্রাজিলের বহুল প্রতীক্ষিত নরওয়ে ম্যাচকে ঘিরে আবারও আলোচনায় উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন—একাদশে কি একসঙ্গে দেখা যাবে নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রকে? ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তির বক্তব্যে সেই সম্ভাবনার জোরালো ইঙ্গিত মিলেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইতালিয়ান এই কোচ বলেন, "নেইমার ও ভিনি একসঙ্গে খেলতে পারে। আমি মনে করি তারা একসঙ্গেই খেলবে।" তার এই মন্তব্যের পর থেকেই সমর্থকদের মধ্যে বাড়ছে প্রত্যাশা।
ভিনিসিয়ুস জুনিয়রের মাঠের অবস্থান এবং তার পরিবর্তিত ভূমিকা নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন আনচেলত্তি। তিনি বলেন, ভিনিসিয়ুস দীর্ঘদিন ধরেই বিভিন্ন পজিশনে সফলভাবে খেলছেন।
আনচেলত্তির ভাষায়, ভিনিসিয়ুস রিয়াল মাদ্রিদে যেমন বিভিন্ন ভূমিকায় নিজেকে মানিয়ে নিয়েছেন, তেমনি জাতীয় দলেও একইভাবে কার্যকর পারফরম্যান্স দেখাচ্ছেন। তার গতি, ড্রিবলিং ও আক্রমণভাগে বহুমুখী ভূমিকা প্রতিপক্ষের রক্ষণকে বিভ্রান্ত করে। উইং থেকে যেমন গোলের সুযোগ তৈরি করতে পারেন, তেমনি নিজেও গোল করতে সক্ষম।
বিশ্বকাপ শুরুর আগে কাফ ইনজুরিতে আক্রান্ত হওয়ায় ব্রাজিলের প্রথম দুই ম্যাচে বেঞ্চেই থাকতে হয়েছিল নেইমারকে। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনি মাঠে নামলেও খেলেছেন মাত্র শেষ ১৫ মিনিট।
পরবর্তীতে জাপানের বিপক্ষে ম্যাচে নেইমারকে সাইডলাইনে ওয়ার্ম-আপ করতে দেখা যায়। কোচের পরিকল্পনা ছিল ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে তাকে মাঠে নামানোর। তবে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির একমাত্র গোলে নির্ধারিত সময়েই জয় নিশ্চিত করে ব্রাজিল। ফলে অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়নি এবং নেইমারের মাঠে নামাও আর সম্ভব হয়নি।
মন্তব্য করুন