
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন রবিবার (৫ জুলাই) সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন। সফরকালে তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি, প্রাচীন পুঁথির সংগ্রহ এবং গ্রন্থাগার ঘুরে দেখেন।
পরিদর্শনের সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম, বরেন্দ্র গবেষণা জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর কাজী মো. মোস্তাফিজুর রহমান এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানার আগ্রহ থেকেই এই সফরের আয়োজন করা হয়েছে।
তিনি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতে জাদুঘরের মূল্যবান সংগ্রহ সংরক্ষণে সহযোগিতামূলকভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন।
পরিদর্শন শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রদূতকে শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।
মন্তব্য করুন