
যশোরের মণিরামপুরে একটি পারিবারিক রাধাগোবিন্দ মন্দির (অমলাধাম) লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ, সিসি ক্যামেরা ভাঙচুর এবং মন্দিরের প্রতিষ্ঠাতাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দেবাশীষ গাইন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার সকালে মন্দিরের প্রতিষ্ঠাতা ও খুলনা বিভাগের সাবেক কর কমিশনার প্রশান্ত কুমার রায় মণিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উপজেলার লখাইডাঙ্গা গ্রামের মৃত যোগেন্দ্র নাথ রায়ের ছেলে প্রশান্ত কুমার রায় উল্লেখ করেন, গত ২৪ মে শনিবার রাত সাড়ে ১২টার দিকে দেবাশীষ গাইনের নেতৃত্বে কয়েকজন যুবক রাধাগোবিন্দ মন্দির লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং একটি সিসি ক্যামেরা ভাঙচুর করে। এ সময় আশপাশের লোকজন চিৎকার করলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
জিডিতে আরও বলা হয়, ঘটনার পর দেবাশীষ গাইন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নিজের দোষ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না বলে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। কিন্তু এরপরও তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা ও অপপ্রচার চালিয়ে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া, গত রোববার সন্ধ্যায় অমলাধামের সামনের পাকা সড়কে প্রশান্ত কুমার রায়ের ভাগ্নে প্রদীপ হালদারকে পেয়ে দেবাশীষ গাইন তার মামার নামে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে প্রশান্ত কুমার রায় বাদী হয়ে দেবাশীষ গাইনের নাম উল্লেখ করে মণিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডির নম্বর-৩৬৭।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, “অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মন্তব্য করুন
০৬ জুলাই ২০২৬, ০৯:৪৯ পিএম
০৬ জুলাই ২০২৬, ১০:০০ পিএম
০৬ জুলাই ২০২৬, ১০:০৩ পিএম
০৭ জুলাই ২০২৬, ০১:৩৯ এএম
০৭ জুলাই ২০২৬, ০৩:২৩ এএম