
ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তিকে কেন্দ্র করে চলমান আলোচনার বিষয়ে নতুন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, প্রস্তাবিত চুক্তিটি আজ স্বাক্ষরিত হতে পারে এবং চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌচলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে।
ট্রাম্পের মতে, চুক্তি বাস্তবায়িত হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে চলাচল স্বাভাবিক হবে। এই প্রণালির মাধ্যমে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের একটি বড় অংশ পরিবাহিত হয়। ফলে এর উন্মুক্ত থাকা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
ট্রুথ সোশ্যালে দেওয়া আরেকটি পোস্টে ট্রাম্প বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে যুক্তরাষ্ট্র ইরানে গিয়ে বি-২ বোমারু বিমানের হামলার ফলে ভূগর্ভে চাপা পড়ে থাকা পারমাণবিক ধুলাবালি সংগ্রহ করবে।
তিনি আরও দাবি করেন, ওই উপাদানগুলোকে নিম্নমাত্রায় রূপান্তর করে ধ্বংস করা হবে। এটি ইরান কিংবা যুক্তরাষ্ট্র—যেকোনো স্থানে সম্পন্ন হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে দীর্ঘ সময় ধরে ইরান এবং সমগ্র মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে কাজ করার প্রত্যাশা করে। তাঁর ভাষ্য অনুযায়ী, এই প্রক্রিয়া দ্রুত, সহজ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়াই তাদের লক্ষ্য।
একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেন, যদি কূটনৈতিক প্রক্রিয়া প্রত্যাশা অনুযায়ী এগিয়ে না যায়, তাহলে যুক্তরাষ্ট্রের কাছে একটি ‘চূড়ান্ত বিকল্প’ রয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন, সেই বিকল্প আর কখনো ব্যবহার করার প্রয়োজন হবে না।
মন্তব্য করুন