
বড় দুটি শক্তিশালী ভূমিকম্পের ধাক্কা কাটতে না কাটতেই ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার দেশটির উত্তর উপকূলীয় অঞ্চলের কাছে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়, যা ইতোমধ্যেই দুর্যোগকবলিত জনগণের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।
ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহরের উত্তর-পশ্চিমে প্রায় ৬১ কিলোমিটার দূরে।
এর আগে বুধবার সন্ধ্যায় ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত অন্তত ৯২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে।
উদ্ধারকাজ এখনও চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ধারণা করছে, শেষ পর্যন্ত প্রাণহানির সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে জানিয়েছে, শুক্রবারের ৪.৯ মাত্রার ভূমিকম্প মারাকাই এবং রাজধানী কারাকাসে স্পষ্টভাবে অনুভূত হয়েছে।
তবে সর্বশেষ এই ভূমিকম্পে নতুন করে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সরকারি তথ্য প্রকাশ করা হয়নি।
জানা গেছে, এখন পর্যন্ত অন্তত ৩ হাজার ৩৬০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকা পড়ে আছেন। ভেনেজুয়েলা সরকারের তথ্য অনুযায়ী, নিখোঁজ মানুষের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।
শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো জানান, ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যের কয়েকটি এলাকায় প্রবেশ সীমিত করা হবে, যাতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করা যায়।
এদিকে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে ত্রাণসামগ্রী সংগ্রহ ও জীবিতদের উদ্ধারে অংশ নিচ্ছেন। অনেকেই আহতদের হাসপাতালে নেওয়ার জন্য নিজেদের ব্যক্তিগত গাড়িকে অস্থায়ী অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করছেন।
অন্যদিকে, বিতর্কিত ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়া এক্স (সাবেক টুইটার)সহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর আরোপিত বিধিনিষেধ আংশিক শিথিল করেছে ভেনেজুয়েলা সরকার।
মন্তব্য করুন