
বিশ্ব জ্বালানি ও আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের সব ধরনের অপকর্ম বা শয়তানি বন্ধ না হওয়া পর্যন্ত সম্পূর্ণভাবে অবরুদ্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কৌশলগত জলপথের ওপর তাদের কঠোর নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।
আইআরজিসির প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক হামলা যুদ্ধক্ষেত্রে নিজেদের ব্যর্থতা ও দুর্বলতা আড়াল করার একটি প্রচেষ্টা। তাদের দাবি, যুক্তরাষ্ট্র বেআইনি জাহাজে অভিযান চালানোর অজুহাত তুলে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা পরিচালনা করেছে।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, ওয়াশিংটন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই হামলা চালিয়েছে এবং ঘটনাকে বৈধতা দিতে বিভিন্ন অজুহাত তৈরি করেছে।
হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি নিয়ে আইআরজিসি দাবি করেছে, ইরানের আরোপিত নৌ অবরোধ অমান্য করে কোনো বাণিজ্যিক জাহাজ এই জলপথ ব্যবহার করার চেষ্টা করেনি। এমনকি যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের কোনো যুদ্ধজাহাজের সহায়তাতেও কেউ ওই পথ অতিক্রম করার উদ্যোগ নেয়নি বলে দাবি করা হয়েছে।
আইআরজিসি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছে যে যেহেতু কেউ এই নিষেধাজ্ঞা ভাঙার সাহসই করেনি, তাই স্বাভাবিকভাবেই সেখানে কোনো জাহাজ বা লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো ঘটনাও ঘটেনি।
সূত্র: আল জাজিরা
মন্তব্য করুন