
একটি সুন্দর, পরিবেশবান্ধব ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে দেশজুড়ে ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে ‘সবুজ বিপ্লব’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট এবং বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। একই সঙ্গে তিনি দেশের বিভিন্ন সমস্যা সমাধানে বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেছেন।
বুধবার (১০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে জেডআরএফ আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে–বিজ্ঞান মেলা-২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন।
স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেডআরএফ এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন।
ডা. জুবাইদা রহমান বলেন, বৃক্ষরোপণকে কেবল একটি আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে দেখার সুযোগ নেই। জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে এটিকে অর্থনৈতিক, সামাজিক এবং ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের একটি জাতীয় ‘সবুজ বিপ্লবে’ রূপান্তর করতে হবে।
তিনি পরিবেশ সুরক্ষায় তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে ‘গ্রিন ভলান্টিয়ারিজম’ এবং ‘ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপভিত্তিক স্টার্টআপ তহবিল’ গঠনের প্রস্তাব দেন। পাশাপাশি শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ সচেতন করে তুলতে স্কুলের পাঠ্যক্রমে সবুজ স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম অন্তর্ভুক্ত করার ওপর জোর দেন।
বিজ্ঞান মেলার উদ্বোধনী বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, চিকিৎসাবিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের সমসাময়িক সমস্যার কার্যকর সমাধান সম্ভব।
তিনি বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টায় বাস্তবমুখী ও বৈজ্ঞানিক সমাধান উদ্ভাবন করা গেলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। নতুন নতুন আবিষ্কার মানুষের জীবনমান উন্নয়ন এবং কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের পথ আরও সুগম হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়েও একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে ডা. জুবাইদা রহমান ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতার সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে এবং কর্মসূচির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ডা. মোস্তফা আজিজ সুমন এবং কৃষিবিদ বয়জার রহমান।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক ড. আব্দুস সালাম, অধ্যাপক আল মোজাদ্দেদী আলফে ছানী, জেডআরএফের পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, কৃষিবিদ শফিউল আলম দিদার, আমিরুল ইসলাম কাগজীসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগীয় চেয়ারম্যান এবং বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন