
বাংলাদেশের জ্বালানি খাতে অর্থনৈতিক সহনশীলতা বৃদ্ধি এবং স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বড় অঙ্কের ঋণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান। এ লক্ষ্যে বাংলাদেশকে প্রায় ৩১২ মিলিয়ন মার্কিন ডলার (৩১ কোটি ২০ লাখ ডলার) ঋণ প্রদান করবে দেশটি।
মঙ্গলবার ঢাকায় জাপানের সঙ্গে সহজ শর্তের এই ঋণ সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। বিষয়টি নিশ্চিত করেছে জাপান দূতাবাস।
জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জরুরি সহায়তা কর্মসূচির আওতায় ‘এক্সচেঞ্জ অব নোটস’-এ স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। একইসঙ্গে ঋণচুক্তিতে স্বাক্ষর করেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রধান প্রতিনিধি তাকাহাসি জুনকো।
বাংলাদেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডি সচিব শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী।
দূতাবাসের তথ্য অনুযায়ী, চুক্তির আওতায় জাপান বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েনের অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স (ওডিএ) ঋণ সহায়তা প্রদান করবে। বর্তমান বিনিময় হার অনুযায়ী এর মূল্য প্রায় ৩১২ মিলিয়ন মার্কিন ডলার।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, এই সহায়তা বাংলাদেশের সঙ্গে জাপানের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্বের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। তিনি উল্লেখ করেন, অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার।
মন্তব্য করুন