
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার দুপুরে হাসপাতাল মোড় এলাকার দুটি ফার্মেসিতে অভিযান চালিয়ে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আলম ও আশিষ কুমার।
আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার মনিটরিং ও জনস্বার্থ সুরক্ষার অংশ হিসেবে হাসপাতালের সামনের ঔষধের দোকানগুলোতে তদারকি অভিযান চালানো হয়। এ সময় হাসপাতাল মোড়ের মুনির ফার্মেসি’ এন্ড সার্জিক্যাল এবং ‘রেবা ড্রাগ এন্ড সার্জিক্যালে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অনোনুমোদিত কসমেটিকস বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার প্রমাণ মেলে। পরবর্তীতে সদ্য প্রণীত ‘ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩’ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করায় মুনির ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং রেবা ফার্মেসিকে ১০ হাজার টাকা করে দুই প্রতিষ্ঠানে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আলম জানান, মানুষের জীবনরক্ষাকারী ওষুধ নিয়ে কোনো ধরনের জালিয়াতি বা অবহেলা বরদাশত করা হবে না। মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ভেজাল কসমেটিকস বিক্রি বন্ধে এবং জনস্বার্থ রক্ষায় জেলা প্রশাসনের এই ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানকালে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন