
যশোর শহরের আরএন রোডে ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিল্লুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৭ জুন) রাত ৮টা ১৫ মিনিটে রাঙ্গামাটি গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে।
আহত জিল্লুর রহমান যশোর শহরের মোল্লাপাড়া এলাকার মৃত আব্দুল মাজেদ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জিল্লুর রহমান চৌরাস্তা এলাকার একটি ব্যাংকের বুথ থেকে ২ লাখ টাকা উত্তোলন করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে আরএন রোডের রাঙ্গামাটি গ্যারেজের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা তিন যুবক তার গতিরোধ করে।
একপর্যায়ে টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
মন্তব্য করুন