
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব, ডিবি ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রবেশপথগুলোতে কড়া নজরদারি চলছে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বরের প্রবেশপথ ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে। এলাকাটিতে সাধারণ মানুষের চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে সার্বক্ষণিক নজরদারি করছেন।
একজন দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা জানান, যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ব্যক্তিকেই বর্তমানে ওই এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে দেশের অন্তত ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে সোমবার জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
ঢাকা মেট্রোপলিটন এলাকা ছাড়াও চট্টগ্রাম, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ এবং ফরিদপুর জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, জননিরাপত্তা, শান্তিশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হবে। এই ব্যবস্থা আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
মন্তব্য করুন