
চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সুমাইয়া জান্নাত (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুন্টি পুলিশ ফারি এলাকা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া জান্নাত চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের আরবশাহ ঘোনা এলাকার মাওলানা আরিফুর রহমানের মেয়ে। তিনি চট্টগ্রাম মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী পূরবী পরিবহনের একটি বাস এবং কক্সবাজারগামী ইম্পেরিয়াল পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি বাসই সড়কের পাশে ছিটকে পড়ে।
দুর্ঘটনার পর পূরবী পরিবহনের বাসে থাকা সুমাইয়া জান্নাত গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লোহাগারা ট্রমা সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া ট্রমা সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইমুন সিরাজ জানান, সকালে এক নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন