
রূপালি পর্দার জনপ্রিয় মুখ, কখনও চঞ্চল অভিনয়ে মুগ্ধ করা আবার কখনও সুরের মায়াজালে ভক্তদের মন জয় করা অভিনেত্রী ও গায়িকা নুসরাত ফারিয়া এবার নতুন রূপে ধরা দিলেন সোশ্যাল মিডিয়ায়। তার সাম্প্রতিক ছবি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও প্রশংসার ঝড়।
সাম্প্রতিক ছবিগুলোতে নুসরাত ফারিয়াকে দেখা যায় নিকষ কালো রঙের একটি ঝলমলে পোশাকে। ছোট ছোট চুমকির কাজ করা সেই পোশাক যেন রাতের আকাশে তারার মতো ঝলমল করছে। গলায় গহনা এবং হাতে চুড়ির সঙ্গে তার স্টাইল আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।
তার বাঁকা চাহনি ও ঠোঁটের কোণে মৃদু হাসি—সব মিলিয়ে তৈরি হয়েছে এক মোহময় আবহ, যা মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে।
ছবিগুলোর ক্যাপশনে তিনি ব্যবহার করেছেন নিজেরই গাওয়া জনপ্রিয় গান ‘লোকে বলে’-এর একটি লাইন—“দূর থেকে দেখে লাভ হবে না আর।”
এই পোস্ট প্রকাশের পরপরই লাইক ও কমেন্টের বন্যা বইতে শুরু করে। ভক্তরা নানা মন্তব্যে তার সৌন্দর্যের প্রশংসা করেন। কেউ লিখেছেন, তিনি যেন আকাশের তারা—দূর থেকেই শুধু দেখা যায়। আবার কেউ তার রূপের প্রশংসায় আবেগঘন মন্তব্য করেন।
মডেলিং ও উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও নুসরাত ফারিয়া ২০১৫ সালে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটান। এরপর তিনি ‘বাদশা – দ্য ডন’, ‘বস ২’, ‘বিবাহ অভিযান’ এবং ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
অভিনয়ের পাশাপাশি সংগীতাঙ্গনেও তার শক্ত অবস্থান রয়েছে। ‘পটাকা’, ‘আমি হাবিবী’ এবং ‘লোকে বলে’-এর মতো গান দিয়ে তিনি শ্রোতাদের মাঝে আলাদা পরিচিতি তৈরি করেছেন।
নতুন এই ফটোশুটের মাধ্যমে আবারও প্রমাণ করলেন—গ্ল্যামার, স্টাইল এবং প্রতিভার মিশেলে তিনি এখনো সোশ্যাল মিডিয়া ও বিনোদন জগতের অন্যতম আলোচিত তারকা।
মন্তব্য করুন