
আগামী ২০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উদ্যোগে আয়োজিত এ সভায় চট্টগ্রাম অঞ্চলের শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের পাবলিক পরীক্ষাগুলোতে প্রচলিত নকল অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে বর্তমানে প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে ডিজিটাল নকল নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
তিনি বলেন, নকল শব্দটির কবর দিয়ে এসেছি অনেক আগেই। এটা নিয়ে আর কথা বলতে চাই না। কিন্তু এখন নকল হচ্ছে ডিজিটালি। সেটাকে সেভাবেই প্রতিহত করতে হবে। জিটাল নকল ঠেকাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরীক্ষার ফল প্রকাশের আগে উত্তরপত্র মূল্যায়নে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সব শিক্ষা বোর্ডের খাতা র্যান্ডমভাবে যাচাই করা হবে।
তিনি বলেন, সব বোর্ডের খাতা আমরা রেন্ডমলি চেক করে দেখব, কেউ কম বা বেশি নাম্বার দিয়ে দিল কিনা। এর মাধ্যমে ফলাফলের নির্ভুলতা ও মূল্যায়ন প্রক্রিয়ার মান নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়।
দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধির প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, শুধুমাত্র অনার্স কোর্স চালুর দিকে ঝোঁক না দিয়ে দক্ষতা ও কর্মমুখী শিক্ষার দিকে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, আমাদের দেশে শুধু উচ্চ শিক্ষা আর উচ্চ শিক্ষা, সবাই খালি অনার্স খুলতে চায়। এর কী দরকার? তার মতে, দেশের কর্মবাজারের চাহিদা অনুযায়ী কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সম্প্রসারণ সময়ের দাবি।
প্রশ্নফাঁস রোধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ব্যক্তিগতভাবেও তদারকি করেছেন।
তিনি বলেন, প্রশ্নফাঁস ঠেকাতে আমি নিজে বিজি প্রেসে (বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস) গিয়ে পাহারা দিয়েছি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি।
শিক্ষামন্ত্রী জানান, বিগত কয়েক বছরে প্রশ্নফাঁস দেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছিল। এই সমস্যার স্থায়ী সমাধানে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কাজ করছে।
তার ভাষায়, পরীক্ষার শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।
মন্তব্য করুন