
উপমহাদেশের সংগীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা তার বর্ণাঢ্য ৬০ বছরের সংগীতজীবন উদযাপন করতে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। মেলবোর্ন ও সিডনিতে আয়োজিত দুটি বিশেষ কনসার্টকে ঘিরে ইতিমধ্যেই সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে।
আগামী ৮ আগস্ট মেলবোর্নের রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা অ্যান্ড বেঙ্গল সিম্ফনি লিগ্যাসি ট্যুর’ শীর্ষক কনসার্ট। এই আয়োজন করেছে অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ ইনক (এবিসিএক্স)।
এই মঞ্চে রুনা লায়লার সঙ্গে পারফর্ম করবে সংগীত পরিচালক ইমন চৌধুরীর ব্যান্ড বেঙ্গল সিম্ফনি। এটি হবে প্রায় এক দশক পর তার অস্ট্রেলিয়া সফর এবং মেলবোর্নে প্রথমবারের মতো পারফরম্যান্স।
এর আগে ১ আগস্ট সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ নাইট’ কনসার্ট। আয়োজন করছে লিসেন ফর ইনক। এই আয়োজনে রুনা লায়লা ও বেঙ্গল সিম্ফনির পাশাপাশি পারফর্ম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী পিন্টু ঘোষ।
আগামী ২৯ জুলাই সাতজন যন্ত্রশিল্পীসহ সিডনির উদ্দেশে রওনা হবেন রুনা লায়লা। তিনি জানান, দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ায় ফিরে গান পরিবেশন করতে যাচ্ছেন তিনি এবং দর্শকদের পছন্দের সব জনপ্রিয় গানই শোনাবেন।
অন্যদিকে, ইমন চৌধুরী বলেন, অস্ট্রেলিয়ার এই কনসার্টকে ঘিরে তারা অত্যন্ত উচ্ছ্বসিত। দর্শকদের জন্য “কথা কইও না”, “বাজি”, “সাদা সাদা কালা”, “টেকা পাখি”সহ জনপ্রিয় গানগুলো পরিবেশনের পরিকল্পনা রয়েছে।
আয়োজকদের মতে, এই দুটি কনসার্ট শুধুমাত্র সংগীত অনুষ্ঠান নয়, বরং এটি হবে একটি স্মরণীয় সাংস্কৃতিক অভিজ্ঞতা। রুনা লায়লার মতো কিংবদন্তি শিল্পী ও বেঙ্গল সিম্ফনির পরিবেশনা ভক্তদের জন্য তৈরি করবে নস্টালজিয়ার এক অনন্য মুহূর্ত।
অনলাইনে ইতিমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়েছে এবং আয়োজকদের প্রত্যাশা—এটি হবে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক অবিস্মরণীয় সংগীত উৎসব।
মন্তব্য করুন