
বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে এবার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ইউরোপের শক্তিশালী দল অস্ট্রিয়া। সোমবার (২২ জুন) ডালাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে রাল্ফ রাংনিকের দল আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে।
যদিও প্রতিপক্ষ দলে রয়েছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি, তবুও নিজেদের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রাখছে অস্ট্রিয়া।
প্রথম ম্যাচেই আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। সেই ম্যাচে হ্যাটট্রিক করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ৩৮ বছর বয়সী মেসি।
অন্যদিকে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে অস্ট্রিয়াও। ফলে দুই দলের এই মুখোমুখি লড়াই ঘিরে ইতোমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
অস্ট্রিয়ার মিডফিল্ডার কনরাড লাইমার প্রতিপক্ষকে সম্মান জানালেও হার মানার মানসিকতা নিয়ে মাঠে নামতে রাজি নন।
তিনি ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন, তাই তারা বিশ্বের সেরা দলগুলোর একটি। আর মেসি বিশ্ব ফুটবলের সেরা খেলোয়াড়। তবে এই ম্যাচকে নিজেদের জন্য বড় সুযোগ হিসেবেই দেখছেন তিনি।
লাইমারের ভাষায়, “মেসির মতো খেলোয়াড়ের বিপক্ষে খেলা এবং নিজেদের পরীক্ষা করা সবসময়ই বিশেষ কিছু। এতে বোঝা যায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি।”
বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার আরও বলেন, আর্জেন্টিনা নিঃসন্দেহে শক্তিশালী দল হলেও অস্ট্রিয়া নিজেদের সামর্থ্য দেখাতে চায়। তার মতে, গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ এবং শেষ ৩২-এ যেতে হলে ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
কোচ রাল্ফ রাংনিকের অধীনে অস্ট্রিয়ার সবচেয়ে বড় শক্তি হলো দলগত ঐক্য বলেও উল্লেখ করেন লাইমার। তার ভাষায়, “আমরা সত্যিকারের একটি দল। সবাই জিততে চায় এবং ভালো ফুটবল খেলতে চায়—এটাই আমাদের শক্তি।”
অন্যদিকে আর্জেন্টিনা জানে, এই ম্যাচে জয় পেলেই শেষ ৩২-এ জায়গা প্রায় নিশ্চিত হয়ে যাবে। মেসির হ্যাটট্রিকের পর লিওনেল স্কালোনির দল আত্মবিশ্বাসে ভরপুর।
তবে অস্ট্রিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা শুধু অংশ নিতে নয়—বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে অঘটন ঘটাতেই মাঠে নামবে।
মন্তব্য করুন