
খুলনায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির অফিসে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২১ জুন) ভোর রাতে যে কোনো সময় এ চুরি সংঘটিত হয়েছে বলে পুলিশের ধারণা। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় পৌনে ২ লাখ টাকা।
জানা যায়, চোরেরা ভবনের প্রথম তলায় থাকা টেলিভিশন অফিসের তালাবদ্ধ দরজার হুক ভেঙে ভেতরে প্রবেশ করে তিনটি কক্ষ তছনছ করে। পরে তারা অফিস থেকে একটি প্যানাসনিক ২৫০০ মডেলের ক্যামেরা, একটি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, তিনটি কম্পিউটারের সাউন্ড বক্স, একটি ক্যামেরা লাইট, চার্জার, মাইক্রোফোনসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়।
সকাল সোয়া ৯টার দিকে অফিসে এসে সাংবাদিকরা তালা ভাঙা ও কক্ষগুলো এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে।
৭১ টিভির সাংবাদিক কনক রহমান জানান, সকালে অফিসে এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। তিনি আরও জানান, এ ঘটনায় খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন