
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরান কোনো ধরনের টোল আদায় করতে পারবে না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে সেখানে যদি কোনো টোল ব্যবস্থা চালু হয়, তবে তা নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “৬০ দিনের যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালিতে কোনো টোল থাকবে না। এমনকি এই সময়সীমা শেষ হওয়ার পরও সেখানে কোনো টোল থাকবে না, যতক্ষণ না যুক্তরাষ্ট্র সেখানে টোল আরোপের সিদ্ধান্ত নেয়।”
বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই ভূ-রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর তেহরান এই প্রণালি ব্যবহার করে চাপ সৃষ্টি করে এবং এক পর্যায়ে গুরুত্বপূর্ণ এই নৌরুটে বাধা দেওয়ার হুঁশিয়ারিও দেয়।
তবে সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওই সমঝোতা অনুযায়ী আগামী ৬০ দিন হরমুজ প্রণালি থেকে কোনো ধরনের টোল আদায় করতে পারবে না ইরান।
অন্যদিকে, লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় গতকাল ইরানি সামরিক বাহিনীর জয়েন্ট মিলিটারি কমান্ড আবারও হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি দেয়। যদিও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, প্রণালিটি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
এই উত্তেজনার মধ্যেই ইরানের ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানির দাম আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে সৃষ্ট অনিশ্চয়তা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সূত্র: আলজাজিরা
মন্তব্য করুন