
ভোটে বড় ধাক্কার পর আর্থিক সংকটে পড়েছে তৃণমূল কংগ্রেস (টিএমসি)। দলের প্রায় ৪৪০ কোটি রুপি জমা থাকা তিনটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট অপারেশন সম্পূর্ণভাবে স্থগিত করা হয়েছে।
শনিবার (২০ জুন) বিধাননগরের এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, ওই তিনটি অ্যাকাউন্ট এখন ‘ডেবিট ফ্রিজ’ অবস্থায় রয়েছে। অর্থাৎ এসব অ্যাকাউন্টে টাকা জমা করা গেলেও কোনো অর্থ উত্তোলন বা স্থানান্তর করা যাবে না।
পুলিশ সূত্রে জানা গেছে, দলের অভ্যন্তরীণ বিরোধ এবং অর্থের উৎস নিয়ে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর দলের অর্থ ও সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
একপক্ষে রয়েছেন বিদায়ী মন্ত্রী অরূপ বিশ্বাস এবং অন্যপক্ষে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়—এমন রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যেই পরিস্থিতি জটিল হয় বলে জানা গেছে।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুসারী ১০ জন বিধায়ক বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন। অভিযোগে তারা ওই বিপুল অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলে সন্দেহ প্রকাশ করেন যে, অর্থটি কাটমানি, সরকারি তহবিলের অপব্যবহার বা অন্য কোনো অবৈধ পথে এসেছে কি না। এক বিধায়ক লিখিত অভিযোগে দাবি করেন, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থ ঘুরপথে এসব অ্যাকাউন্টে জমা হয়েছে বলে তার কাছে তথ্য রয়েছে।
অন্যদিকে অরূপ বিশ্বাস কয়েকদিন আগে ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে দলের ৫০০ কোটি টাকার বেশি আমানত সুরক্ষিত রাখতে এবং অভ্যন্তরীণ সংকট মীমাংসা না হওয়া পর্যন্ত সব লেনদেন স্থগিত রাখার অনুরোধ জানিয়েছিলেন। তবে বিদ্রোহীদের অভিযোগের পর বিষয়টি পুলিশি তদন্তের আওতায় আসে।
এদিকে কুণাল ঘোষ বলেন, অরূপ বিশ্বাস এখন দলের কোষাধ্যক্ষ নন। গত ৫ জুন কার্যনির্বাহী কমিটির বৈঠকে শুভাশিষ চক্রবর্তীকে নতুন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে আর্থিক বিষয়ে অরূপ বিশ্বাসের কোনো এখতিয়ার নেই।
তিনটি অ্যাকাউন্ট ডেবিট ফ্রিজ হয়ে যাওয়ায় দলের দৈনন্দিন ব্যয় ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় জটিলতা তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলটির অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব এখন পুলিশি তদন্ত ও আইনি প্রক্রিয়ায় গড়িয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
মন্তব্য করুন