
রাজধানীর নবোদয় এলাকায় জাপান ও ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশা (৪৫) হত্যার ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ নিয়ে মামলায় মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৫ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এ তথ্য জানান।
গ্রেপ্তার আসামি পারভেজ (৩০)। তিনি হত্যা মামলার দুই নম্বর আসামি। রোববার ভোরে কিশোরগঞ্জ সদর থানা এলাকায় র্যাব-২ ও র্যাব-১৪-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে নয়মুল হাসান বলেন, এ ঘটনায় গত ৩ জুলাই গ্রেপ্তার হওয়া মো. সুমন (২৫) ও মো. শহীদ (৫৯) আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন, বিএনপি নেতা বাদশাকে ছুরিকাঘাত করেন পারভেজ। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, পারভেজই বাদশাকে ছুরিকাঘাত করেছেন। অন্য আসামিরা হামলায় অংশ নিলেও তারা কেউ ছুরিকাঘাত করেনি।
তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দুই সংস্থার তথ্যের মধ্যে ভিন্নতা দেখা গেছে। এর আগে গত শুক্রবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছিলেন, বাদশাকে ছুরিকাঘাত করেছেন রিপন নামে এক ব্যক্তি। তিনি জানান, রিপনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইস গিয়ার চাকুও উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাব-২-এর অধিনায়ক বলেন, গ্রেপ্তার পারভেজ তাদের কাছে নিজেই ছুরিকাঘাতের কথা স্বীকার করেছেন। বিষয়টি তদন্তাধীন এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।
এর আগে একই ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছিল র্যাব। এছাড়া থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ছয়জনকে গ্রেপ্তার করে। সব মিলিয়ে এ মামলায় এখন পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন