
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা প্রায় ১৩ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমবাড়ী এলাকার গোলহাটি গ্রামের শাহাদাত মিয়ার বসতঘরের দক্ষিণ পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাব্বির আহসানের নেতৃত্বে একটি দল তাহিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পলাতক অভিযুক্ত শাকিল (৪৫), মিলন মিয়া (২৭), ফরিদ মিয়া (৪০), শফিকুল ইসলাম (৪০), আল আমিন (৪০) এবং অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনের দখলে থাকা ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হন।
পুলিশ জানায়, জব্দ করা ফুচকার পরিমাণ ৩ হাজার ৭০৮ কেজি। প্রতি কেজি ৩৫০ টাকা হিসেবে উদ্ধার হওয়া পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা।
জেলা গোয়েন্দা শাখার ওসি হযরত আলী জানান, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে দেশে আনা এসব পণ্য স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের প্রাসঙ্গিক ধারায় তাহিরপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে জেলা গোয়েন্দা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ওসি হযরত আলী।
মন্তব্য করুন