
বাংলাদেশে চলমান জ্বালানি চাহিদা পূরণে চলতি জুন মাসে আরও চার কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মাস শেষে মোট এলএনজি সরবরাহ দাঁড়াবে প্রায় ১ কোটি ২৮ লাখ এমএমবিটিইউতে।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক এ কে এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে স্পট মার্কেট এবং স্বল্পমেয়াদি চুক্তির আওতায় ইতোমধ্যে পাঁচটি এলএনজি কার্গো দেশে পৌঁছেছে, যার মোট পরিমাণ প্রায় ১ কোটি ৬০ লাখ এমএমবিটিইউ।
মিজানুর রহমান আরও বলেন, “জুন মাসের চাহিদা পূরণে মোট ৯টি কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে সোমবার (১৫ জুন) পর্যন্ত পাঁচটি কার্গো দেশে এসেছে, বাকি চারটি স্পট মার্কেট থেকে আনা হবে।”
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, জুন মাসের জন্য পরিকল্পিত ৯টি কার্গোর মধ্যে পাঁচটি স্পট মার্কেট ও স্বল্পমেয়াদি চুক্তির মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।
জ্বালানি খাত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বাংলাদেশে প্রতি মাসে গ্যাসের চাহিদা মেটাতে সরকার নিয়মিতভাবে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির পাশাপাশি স্পট মার্কেট থেকেও এলএনজি সংগ্রহ করে থাকে।
এর আগে মে মাসে বাংলাদেশ মোট ১১টি এলএনজি কার্গো আমদানি করে, যার পরিমাণ ছিল প্রায় ৩ কোটি ৫২ লাখ এমএমবিটিইউ।
জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বৈচিত্র্য আনতে বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক উৎস থেকে এলএনজি আমদানি করছে। এর মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো যেমন কাতারভিত্তিক কাতার এনার্জি এবং ওমান সরকারের জ্বালানি ও পণ্য বাণিজ্য প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) জানায়, দীর্ঘমেয়াদি চুক্তির পাশাপাশি স্বল্পমেয়াদি ও স্পট মার্কেট থেকেও এলএনজি আমদানি অব্যাহত রয়েছে। প্রতি মাসে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদনের মাধ্যমে এসব কার্গো সংগ্রহ করা হয়।
মন্তব্য করুন