
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অপেক্ষায় দিন গুনছে দেশের প্রায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী। ফল প্রকাশে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে।
তবে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের অপেক্ষার অবসান খুব শিগগিরই হতে পারে। চলতি জুলাই মাসের মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি চলছে।
শিক্ষা বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রস্তুতের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ফল প্রকাশ করা হবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সব প্রস্তুতি সময়মতো শেষ হলে আগামী ৩০ জুলাই বৃহস্পতিবার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এখন ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। শিক্ষা মন্ত্রণালয় যে তারিখ নির্ধারণ করবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক বিভাগের এক কর্মকর্তা জানান, ২৮ জুলাইয়ের মধ্যে শিক্ষা বোর্ডগুলো ফল প্রস্তুত করতে পারলে চলতি মাসেই ফল প্রকাশ করা সম্ভব হবে। সে ক্ষেত্রে ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, ‘২৭ জুলাই নতুন কুঁড়ি ক্রীড়ার উদ্বোধন হবে, প্রধানমন্ত্রী থাকবেন। ওই প্রোগ্রাম নিয়ে এখন মন্ত্রী, সচিবসহ শিক্ষা প্রশাসনে ব্যস্ততা। আবার ৩১ জুলাই শুক্রবার। সেক্ষেত্রে ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা বেশি।’
চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় গত ২০ মে। নিয়মানুযায়ী—পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা। সে হিসাবে ২০ জুলাইয়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এবার ফল প্রকাশ করতে পারেনি শিক্ষা বোর্ড।
এর আগে ২১ এপ্রিল শুরু হয় এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষা। এতে অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে।
এর মধ্যে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় বিগত বছরগুলোর তুলনায় বহিষ্কারের ঘটনাও ছিল তুলনামূলকভাবে কম। এখন ফল প্রকাশের অপেক্ষায় থাকা লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের নজর শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণার দিকে।
মন্তব্য করুন
২৫ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম
২৫ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম