
টকটকে লাল শাড়ি, কপালে লাল টিপ আর মুখভরা মিষ্টি হাসিতে নতুন সাজে ধরা দিয়েছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নান্দনিক সাজ ও মিষ্টি ভঙ্গিমার একগুচ্ছ ছবি প্রকাশ করে ইতোমধ্যে অনুরাগীদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে লাল শাড়ি পরা কয়েকটি ছবি শেয়ার করেন তটিনী। শাড়িতে ছিল নান্দনিক সোনালি কাজ। এর সঙ্গে লাল ব্লাউজ, হাতে লাল চুড়ি, গলায় অলংকার এবং চুলে খোঁপায় তার সাজে যোগ হয়েছে বাড়তি সৌন্দর্য।
ইনডোর লোকেশনে তোলা ছবিগুলোতে কখনো মৃদু হাসি, কখনো চোখ নামিয়ে আবার কখনো কানের কাছে হাত রেখে ভিন্ন ভিন্ন মিষ্টি ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে অভিনেত্রীকে।
তটিনীর এই ছবিগুলোর সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে যুক্ত করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ‘ভালোবেসে সখী’ গানটি। পাশাপাশি গানের একটি লাইন উদ্ধৃত করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমার নামটি লিখো—তোমার মনের মন্দিরে।’
সুন্দরী এই তারকার এমন মিষ্টি আকুতি আর চোখজুড়ানো রূপের ঝলক দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা। পোস্টটি করা মাত্রই লাইক, কমেন্ট আর শেয়ারের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
অভিনেত্রীর রূপ ও ক্যাপশনের সঙ্গে মিলিয়ে অনুরাগীরা মন্তব্য বক্সে কাব্যিক সব অনুভূতির প্রকাশ ঘটাচ্ছেন। অনেকেই রবীন্দ্রনাথের গানের কলি ধার করে কমেন্ট বক্সে লিখেছেন, 'আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো।'
সাম্প্রতিক সময়ে নিজের সাবলীল অভিনয় ও স্নিগ্ধ উপস্থিতি দিয়ে ছোট পর্দায় বেশ জনপ্রিয়তা কুড়িয়েছেন তানজিম সাইয়ারা তটিনী। প্রায়ই নিজেকে নান্দনিক সাজে মেলে ধরেন এই অভিনেত্রী। এবারও যে ভক্তদের চোখ জুড়ালেন তটিনী, তাতে সন্দেহ নেই।
মন্তব্য করুন