
যুক্তরাষ্ট্রের অন্তত ৯টি অঙ্গরাজ্যে অতি ক্ষুদ্র সাইক্লোস্পোরা পরজীবী থেকে সৃষ্ট ডায়রিয়াজনিত রোগ সাইক্লোস্পোরিয়াসিসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)-এর এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।
প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিয়ানা, কেনটাকি, মিশিগান, ওহাইও ও ওয়েস্ট ভার্জিনিয়ার পর নতুন করে ইলিনয়, কানসাস, ওকলাহোমা ও পেনসিলভানিয়াও আক্রান্ত অঙ্গরাজ্যের তালিকায় যুক্ত হয়েছে। প্রাদুর্ভাবের কারণ ও সংক্রমণের উৎস চিহ্নিত করতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছেন।
এখন পর্যন্ত ৯টি অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগে সম্মিলিতভাবে ১২ হাজারের বেশি সাইক্লোস্পোরিয়াসিসের ঘটনা নথিভুক্ত হয়েছে। আক্রান্তদের বড় একটি অংশ মিশিগানের বাসিন্দা। এসব সংক্রমণ যদি একই প্রাদুর্ভাবের সঙ্গে সম্পর্কিত বলে নিশ্চিত হয়, তাহলে গত তিন দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে খাদ্যবাহিত রোগের অন্যতম বড় প্রাদুর্ভাব হিসেবে এটি বিবেচিত হতে পারে।
রোগীদের সঙ্গে বিস্তারিত কথা বলে ও সাক্ষাৎকার নিয়ে স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন, কেন্দ্রীয় মেক্সিকো থেকে আমদানি করা ‘আইসবার্গ লেটুস’ সম্ভবত এই সংক্রমণের মূল উৎস। বর্তমানে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ও মেক্সিকোর স্বাস্থ্য কর্তৃপক্ষ যৌথভাবে বিষয়টি তদন্ত করে দেখছে।
পরিস্থিতি বিবেচনায় টেইলর ফার্মস নামের একটি প্রতিষ্ঠান তাদের প্রক্রিয়াজাত করা কুচানো লেটুস বাজার থেকে তুলে নেয়ার ঘোষণা দিয়েছে। এই লেটুসগুলো ২৭টি রাজ্যের বিভিন্ন রেস্তোরাঁ, ফুড সার্ভিস ও খুচরা বিক্রেতাদের কাছে পাঠানো হয়েছিল।
মন্তব্য করুন