
প্রথমবারের মতো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের একটি সিনেমা। নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত হয়েছে উৎসবের প্রতিযোগিতামূলক ‘হরাইজনস’ (অরিজোন্তি) বিভাগে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ প্রতিযোগিতা বিভাগের নির্বাচিত সিনেমার তালিকা প্রকাশ করলে বিষয়টি নিশ্চিত হয়। এর মধ্য দিয়ে উৎসবটির ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্র অফিসিয়াল প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়ার সুযোগ পেল।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটি একটি সুপারন্যাচারাল গল্পকে কেন্দ্র করে নির্মিত। সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পার্লারকে ঘিরে। নির্মাতা রুবাইয়াত হোসেন জানান, বহু বছর ধরে প্রচলিত একটি আরবান মিথ থেকে সিনেমাটির গল্পের অনুপ্রেরণা নেওয়া হয়েছে।
কথিত আছে, একসময় ওই পার্লারে একজন কনে রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। সিনেমায় আরেকজন কনে সেখানে সাজতে এসে একের পর এক অদ্ভুত ও অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হন। রহস্য, মনস্তত্ত্ব ও সুপারন্যাচারাল উপাদানের সমন্বয়ে ধীরে ধীরে উন্মোচিত হয় সিনেমার গল্প।
ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটি নির্বাচিত হওয়ার অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা বলেন, সিনেমাটি ভেনিসে জমা দেওয়ার কয়েকদিন পরই আয়োজকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার খবর জানতে পারেন। তবে সিনেমাটি উৎসবের কোন বিভাগে প্রদর্শিত হবে, সে বিষয়ে তখন কিছু জানানো হয়নি। শেষ পর্যন্ত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ভেনিস উৎসবের অফিসিয়াল হরাইজনস (অরিজোন্তি) বিভাগে নির্বাচিত হয়েছে বলে জানতে পারেন তিনি।
সিনেমাটিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার জায়গা করে নেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রের জন্য কী অসাধারণ এক মুহূর্ত! পুরো টিমের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। ভেনিস উৎসবের মতো আয়োজনের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়া যেকোনো ফিল্মমেকারের জন্যই বিরাট অর্জন, সেই সঙ্গে বাংলাদেশের জন্যও বড় মাইলফলক এটি।’
আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর ইতালির ভেনিস লিডোতে অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে প্রাচীন চলচ্চিত্র উৎসব ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর। ‘হরাইজনস’ বিভাগে বিশ্বের আরো ১৮টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
সিনেমাটিতে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারীসহ আরও অনেকে। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এই নির্বাচন দেশের সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন