
বগুড়ায় রেললাইনের উপর খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মনতাসির রহমান তাওহীদ নামে দুই বছরের এক শিশুর। শুক্রবার দুপুরে বগুড়া মহানগরীর সাবগ্রাম রেলগেটসংলগ্ন মাস্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিকালে বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান এ তথ্য দিয়েছেন।
নিহত শিশু মনতাসির রহমান তাওহীদ বগুড়া মহানগরীর সাবগ্রাম রেলগেটসংলগ্ন মাস্টারপাড়ার বাসিন্দা এবং জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি ও ডেকোরেটর ব্যবসায়ী মিজানুর রহমান শিমুলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশু তাওহীদ খেলার জন্য বাড়ির সামনে রেললাইনের উপর যায়। এ সময় ওই পথ দিয়ে লালমনিরহাট ছেড়ে আসা কমিউটার ট্রেন বগুড়া রেলওয়ে স্টেশনের দিকে আসছিল। ট্রেনের পরিচালক টের পেয়ে অনেকবার হর্ন দিলেও শিশুটি রেললাইন থেকে সরে যায়নি। রেললাইন সংলগ্ন বাড়িতে থাকা স্বজনরাও টের পাননি। এ সময় মাথায় ট্রেনের ধাক্কা লেগে শিশুটি রেললাইনের পাশে ছিটকে পড়ে।
স্বজনরা টের পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে শুধু তার পরিবারে নয়, পুরো এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশু মনতাসির রহমান তাওহীদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন