
জেরুজালেমের ঐতিহাসিক আল আকসা মসজিদ প্রাঙ্গণে ১ হাজার ৩০০ জনেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রবেশ করেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) এই ঘটনা ঘটে বলে জেরুজালেম গভর্নরেটের বরাতে জানা গেছে।
জেরুজালেম গভর্নরেটের দাবি, আল আকসা প্রাঙ্গণে অমুসলিমদের ইবাদত নিষিদ্ধ থাকার দীর্ঘদিনের রীতি ভেঙে বসতি স্থাপনকারীরা সেখানে প্রবেশ করেন। ইসরায়েলি পুলিশ প্রায় ১৫০ জনের পৃথক দল তৈরি করে তাদের প্রাঙ্গণে ঢোকার অনুমতি দেয়।
প্রবেশের পর বসতি স্থাপনকারীরা তালমুদিক ধর্মীয় রীতি পালন, গান ও উচ্চস্বরে প্রার্থনা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া প্রাঙ্গণের পূর্ব অংশে তারা সাষ্টাঙ্গে প্রণিপাত বা ‘এপিক প্রোস্ট্রেশন’ করেন বলেও জানিয়েছে গভর্নরেট।
এদিকে, একই সময়ে আল আকসা মসজিদের প্রবেশপথ এবং জেরুজালেমের পুরোনো শহরজুড়ে ইসরায়েলি সামরিক বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়। এর ফলে সাধারণ ফিলিস্তিনিদের প্রবেশে বাধা সৃষ্টি করা হয় বলে অভিযোগ উঠেছে।
গভর্নরেটের তথ্য অনুযায়ী, ভোরের নামাজে অল্পসংখ্যক ফিলিস্তিনি মুসল্লি অংশ নেওয়ার সুযোগ পান। পরে ইসরায়েলি পুলিশ বেশ কয়েকজন ফিলিস্তিনি মুসল্লির ওপর হামলা চালিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
ঐতিহাসিক চুক্তি অনুযায়ী মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসায় কেবল মুসলিমদেরই প্রার্থনার অধিকার রয়েছে, যা ফিলিস্তিনি জাতীয়তাবাদের অন্যতম প্রতীক। তবে ইহুদি ধর্মেও অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত এই চত্বরে খ্রিষ্টপূর্ব ৭০ অব্দে রোমানদের হাতে প্রাচীন মন্দির ধ্বংসের স্মৃতিতে টিশা বি'আব পালন করা হয়।
সূত্র: আল জাজিরা
মন্তব্য করুন