
হরমুজ প্রণালির চলমান সংকট এবং আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)।
ডব্লিউএফপির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মোট ইউরিয়া সারের প্রায় ৮০ শতাংশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আমদানি করা হয়। তবে বর্তমানে দেশে যে পরিমাণ ইউরিয়া সার মজুদ রয়েছে, তা দিয়ে আগামী অক্টোবর পর্যন্ত চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ইউরিয়ার দাম ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ বেড়েছে। একই সময়ে গ্যাসের সংকটের কারণে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত পাঁচটি ইউরিয়া সার কারখানার মধ্যে তিনটিতে উৎপাদন বন্ধ রয়েছে, যা সরবরাহ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
ডব্লিউএফপির মতে, সার সরবরাহে দীর্ঘস্থায়ী সংকট দেখা দিলে কৃষি উৎপাদন ব্যাহত হতে পারে এবং এর নেতিবাচক প্রভাব দেশের খাদ্য নিরাপত্তার ওপর পড়বে।
সংস্থাটির প্রতিবেদনে আরও আশঙ্কা করা হয়েছে, চলমান সংকটের কারণে দেশে খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা মানুষের সংখ্যা বাড়তে পারে। পরিস্থিতির আরও অবনতি হলে প্রায় ১ কোটি ৮১ লাখ মানুষের খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে সতর্ক করেছে ডব্লিউএফপি।
মন্তব্য করুন