
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ভাঙনকবলিত এলাকায় প্রায় ১১ লাখ টাকা ব্যয়ে ৯০ মিটার প্যালাসাইডিং নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্মাণকাজের উদ্বোধন করেন কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র সহ-সভাপতি ড. কাজী মনিরুজ্জামান মনির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় উপ-প্রকৌশলী হুমাউন কবির, বাগেরহাট জেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী শুভ হালদার, চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবক মো. আমিনুল ইসলাম, মোরেলগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম মোল্লা, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবীর হোসেন, শিক্ষক এনামুল কবীর, এস. এম. রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা সুজন ফরাজী এবং রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফজলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এছাড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান এবং ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্যে ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামো গঠনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণীয়। তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানও দেশের উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, সামাজিক উন্নয়নে খাল খনন, বৃক্ষরোপণ, কৃষি ও মৎস্য খাতে সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে জনকল্যাণমূলক কাজে সমাজসেবক আমিনুল ইসলামের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তার উদ্যোগেই আজকের প্যালাসাইডিং নির্মাণকাজ বাস্তবায়ন হচ্ছে। সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও তিনি এলাকায় সাঁকো, পুল ও একাধিক মাটির রাস্তা নির্মাণ করেছেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ড. মনিরুজ্জামান মনির বলেন, দেশের উন্নয়নের জন্য আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। ভালো লেখাপড়া করে দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে।
মন্তব্য করুন