
জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলীয় আল-রুকবান এলাকায় অবস্থিত মার্কিন সেনাদের আবাসিক কমপ্লেক্সে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বেশ কয়েকজন মার্কিন সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘আগ্রাসী’ মার্কিন বাহিনীর বিরুদ্ধে চলমান ‘অপারেশন নাসর ২’-এর অংশ হিসেবে আল-রুকবানে মার্কিন সেনাদের আবাসিক কমপ্লেক্স লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
আইআরজিসির দাবি, হামলাটি সফল হয়েছে এবং ওই আবাসিক কমপ্লেক্সে বহু মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে হামলার বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা জর্ডান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনার জের ধরে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়। টানা ৪০ দিন সংঘাত চলার পর ৭ এপ্রিল উভয়পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করে। এর দুই মাসেরও বেশি সময় পর পাকিস্তানের মধ্যস্থতায় ১৭ জুন ইসলামাবাদে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তবে শান্তি স্থায়ী হয়নি। গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুটি ট্যাংকারে ড্রোন হামলা চালায় আইআরজিসি। এর জবাবে ৭ জুলাই থেকে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বোমা হামলা শুরু করে যুক্তরাষ্ট্রের সেন্টকম।
এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। ফলে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
মন্তব্য করুন