
দীর্ঘ ছয় দশকের বর্ণাঢ্য সংগীতজীবনে প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক সংগীত পরিবেশন করতে যাচ্ছেন উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। একই অনুষ্ঠানে তাকে বিশেষ সম্মাননাও দেওয়া হবে।
তবে এবারের আয়োজন শুধু সম্মাননা ও সংগীত পরিবেশনার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। রুনা লায়লার একক সংগীতানুষ্ঠানের টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থ বন্যার্ত মানুষের সহায়তায় প্রদান করা হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘রুনা লায়লা’ শীর্ষক বিশেষ সম্মাননা ও একক সংগীতানুষ্ঠানটি আগামী ২৪ জুলাই রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হতে যাওয়া এই আয়োজনে নিজের জনপ্রিয় বেশ কয়েকটি গান পরিবেশন করবেন বরেণ্য এই শিল্পী।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি জানিয়েছে, অনুষ্ঠানের টিকিটের শুভেচ্ছা মূল্য তিনটি শ্রেণিতে নির্ধারণ করা হয়েছে। প্রথম শ্রেণির টিকিটের মূল্য ৫ হাজার টাকা, দ্বিতীয় শ্রেণির ৩ হাজার টাকা এবং তৃতীয় শ্রেণির টিকিটের মূল্য ২ হাজার টাকা।
টিকিট বিক্রির মাধ্যমে সংগৃহীত অর্থ বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে।
টিকিট সংগ্রহের জন্য আগামী ২২ ও ২৩ জুলাই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সরাসরি যোগাযোগ করা যাবে অর্থ, হিসাব ও পরিকল্পনা বিভাগের প্রশাসনিক ভবনের নিচতলায়।
জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং ডা. জাহেদ উর রহমান (উপদেষ্টা, প্রতিমন্ত্রী পদমর্যাদা)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।
মন্তব্য করুন