
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। তবে দলের অধিনায়ক লিওনেল মেসির প্রতি গভীর আবেগ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনা ফুটবল সংস্থার সভাপতি ক্লাউদিও তাপিয়া। জাতীয় দলের হয়ে মেসির দীর্ঘ ও গৌরবময় অবদানের প্রশংসা করে তিনি বলেছেন, আর্জেন্টিনার মানুষের হৃদয়ে এই কিংবদন্তি ফুটবলারের অবস্থান চিরকাল অমলিন থাকবে।
নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ের খেলায় ১-০ গোলে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তিনটি বিশ্বকাপ ফাইনালের শুরুর একাদশে খেলা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস গড়েছেন মেসি। যদিও এবার দলকে শিরোপা এনে দিতে পারেননি, পুরো টুর্নামেন্টে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। বিশ্বকাপে ৮ গোল করার পাশাপাশি ৪টি গোলে সহায়তাও করেছেন তিনি।
ফাইনালের পর রানার্সআপ পদক গলায় আবেগঘন মেসির একটি ছবি প্রকাশ করে তাপিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, মেসির অবদানকে যথাযথভাবে সম্মান জানানোর মতো কোনো শব্দ অভিধানে নেই। অধিনায়ক হিসেবে মাঠে ও মাঠের বাইরে তার নেতৃত্ব এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতা পুরো জাতিকে অনুপ্রাণিত করেছে বলেও উল্লেখ করেন তিনি।
৩৯ বছর বয়সী মেসি ফাইনালের পর সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই স্টেডিয়াম ত্যাগ করেন। আর্জেন্টিনার জার্সিতে এটি ছিল তার ২০৫তম ম্যাচ। তবে জাতীয় দলের হয়ে এটিই তার শেষ ম্যাচ কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
২০২২ সালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছিলেন মেসি। এর আগে ২০২১ ও ২০২৪ সালে দলকে কোপা আমেরিকার শিরোপাও জিতিয়েছেন তিনি। এবারের বিশ্বকাপে আন্তর্জাতিক গোলের সংখ্যা ১২৫-এ নিয়ে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। আন্তর্জাতিক ফুটবলে তার চেয়ে বেশি গোল রয়েছে শুধু ক্রিস্টিয়ানো রোনালদোর—১৪৬টি।
তাপিয়া আরও লেখেন, ‘আমাদের হৃদয়ে আনন্দের অসংখ্য মুহূর্ত এঁকে দেওয়ার জন্য, গর্বের অশ্রু উপহার দেওয়ার জন্য এবং আমাদের পতাকাকে বিশ্বের সর্বোচ্চ শিখরে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ।’
তিনি আরও বলেন, ‘তুমি চিরন্তন, লিও। তুমি এক মহাতারকা। তুমি আমাদের পৃথিবীর সবচেয়ে সুখী জাতিতে পরিণত করেছ। এই দেশ, তোমার নিজের দেশ, আজীবন তোমাকে ভালোবাসবে। অসংখ্য ধন্যবাদ। তুমি সবসময় আমাদেরই থাকবে।’
শুধু মেসিই নন, প্রধান কোচ লিওনেল স্কালোনিকেও প্রশংসায় ভাসিয়েছেন তাপিয়া। ২০১৮ সাল থেকে জাতীয় দলের দায়িত্বে থাকা স্কালোনি ফাইনালের পর জানিয়েছেন, ভবিষ্যৎ নিয়ে ভাবতে কিছুটা সময় নিতে চান। ২০২৬ সালের শেষ দিকে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।
স্কালোনিকে জড়িয়ে ধরা একটি ছবি প্রকাশ করে তাপিয়া লিখেছেন, ‘তুমি অসাধারণ। তোমার কাজ, নিষ্ঠা এবং এই জাতীয় দলের প্রতি ভালোবাসা নিয়ে আমরা গর্বিত।’
অভিজ্ঞ গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকেও বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন তাপিয়া। ২০২২ সালের বিশ্বকাপের সেরা গোলরক্ষক এবার ফাইনালে ১১টি দুর্দান্ত সেভ করেন, যা বিশ্বকাপের কোনো ফাইনালে সর্বোচ্চ সেভের রেকর্ড।
তাপিয়া লেখেন, ‘তুমি বিশ্বের সেরা গোলরক্ষক। তোমাকে ধন্যবাদ জানানোর মতো যথেষ্ট শব্দ নেই। কাতারে আমাদের যে অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছিলে এবং যুক্তরাষ্ট্রেও শেষ পর্যন্ত সর্বস্ব উজাড় করে লড়েছ, তার জন্য কৃতজ্ঞতা।’
তিনি আরও বলেন, ‘তুমি এক মহীরুহ, দিবু। মাঠে ও মাঠের বাইরে তুমি অনন্য। আমার চোখে তুমি সর্বকালের সেরা গোলরক্ষক। তুমি আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছ এবং বড় স্বপ্ন দেখার সাহস জুগিয়েছ। তুমি যখন আকাশে উড়ে বল ঠেকাও, তখন মনে হয় আমরা সবাই তোমার সঙ্গে উড়ছি। সারাজীবন তোমাকে ভালোবাসব। তুমি যেমন, ঠিক তেমন থাকার জন্য ধন্যবাদ।’
মন্তব্য করুন
২০ জুলাই ২০২৬, ০৭:৩৬ পিএম
২০ জুলাই ২০২৬, ০৯:৩৯ পিএম