
পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে নিট কেলেঙ্কারিতে জড়িত অপরাধীদের কঠিন শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২১ জুলাই) এনডিএ সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ সভা শেষে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, একটি নিখুঁত ও ত্রুটিমুক্ত পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
শিক্ষার্থীদের আন্দোলন এবং নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগের মধ্যেই প্রধানমন্ত্রীর এ বক্তব্য সামনে এলো। ককরোচ জনতা পার্টি (সিজিপি) শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ নিট পরীক্ষা ও অন্যান্য অনিয়মের তদন্ত ও বিচার দাবি করে আন্দোলন করছে। তাদের সংসদ ভবন অভিযান টিয়ার গ্যাস প্রয়োগে ব্যর্থ হওয়ার পর যন্তর মন্তরে আবারও আন্দোলন শুরু হয়েছে।
এর আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর ২০ লাখের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ করা নিট পরীক্ষা বাতিল করে পুনরায় আয়োজন করা হয়। একই সময়ে সিবিএসই পরীক্ষার অনলাইন নম্বর প্রদান প্রক্রিয়াতেও বিভিন্ন ত্রুটির অভিযোগ ওঠে।
বৈঠকে প্রধানমন্ত্রী মোদি দাবি করেন, নিট পরীক্ষায় কেলেঙ্কারির অভিযোগ সামনে আসার পর সরকার দ্রুত পদক্ষেপ নেয় এবং মামলার মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় দ্রুত পুনঃপরীক্ষার আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে সিজিপির আন্দোলনের সমর্থনে টানা ২১ দিন অনশন করা অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তি করা হলে তিনি সেখান থেকেই পুলিশি নির্যাতনের প্রতিবাদে পুনরায় অনশন শুরু করার ঘোষণা দেন। আন্দোলনের তীব্রতার মধ্যে সিজিপির দুই নেতা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সাথে সাক্ষাৎ করে তাদের দাবিনামা তুলে ধরেন, যা নাড্ডাও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে স্বীকার করেন।
একই সময়ে চলমান বিতর্ক, নিট কেলেঙ্কারি এবং রাম মন্দির অনুদান চুরির ইস্যুতে বাদল অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলগুলোর তুমুল হট্টগোলে ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন মারাত্মকভাবে ব্যাহত হয়।
সূত্র: এনডিটিভি
মন্তব্য করুন