
দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে চলমান ‘দেশের বাইরে ভোটদান ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন’ (ওসিভি-এসডিআই) প্রকল্পের অগ্রগতি, কর্মপরিধি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে উচ্চপর্যায়ের সভা করবে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় রাজধানীর নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর-৫২০) এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। এতে ইসির সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
মঙ্গলবার (২১ জুলাই) ওসিভি-এসডিআই প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মামুনুর হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ‘দেশের বাইরে ভোটদান ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পের’ চলমান কার্যক্রম, কর্মপরিধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বুধবারের সভা অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে ওসিভি-এসডিআই প্রকল্প গ্রহণ করে নির্বাচন কমিশন (ইসি)।
এ প্রকল্পের আওতায় প্রবাসীরা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছিলেন ৭ লাখ ৬৩ হাজার ২৩৩ জন এরমধ্যে ভোট দিয়েছিলেন ৫ লাখ ৪৪ হাজার ৩৭৮ জন আর রিটার্নিং কর্মকর্তার কাছে প্রবাসীদের ব্যালট এসেছিলো ৪ লাখ ৯৮ হাজার ২০৫ এবং এরমধ্যেই বৈধ ভোট ৪ লাখ ৭১ হাজার ৯৭৩ টি।
মন্তব্য করুন