
বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঝিনাইদহের মহেশপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে কয়েক লাখ টাকার নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তহিদ রেজার নেতৃত্বে উপজেলার স্বরূপপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইশালডাঙ্গা আটিপাড়া খালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কয়েক লাখ টাকার নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করে তা ধ্বংস করা হয়।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার নদী-নালা, খাল-বিল, বাওড় ও উন্মুক্ত জলাশয়ে অবাধে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল ব্যবহারের কারণে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে গত সোমবার দৈনিক গ্রামের কাগজ-এ একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযান চালানো হয়।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা দীন ইসলাম এবং মহেশপুর থানার এএসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন