
দুই বাংলার চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করে দর্শকের ভালোবাসা কুড়াচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। বয়সকে যেন থমকে দিয়ে সৌন্দর্য ও অনবদ্য অভিনয় দিয়ে প্রতিনিয়ত মুগ্ধ করছেন ভক্তদের। তবে তার এই সাফল্য ও গ্ল্যামারের আড়ালেও রয়েছে একটি বিশেষ অভ্যাস, যা সহজে ছাড়তে পারছেন না অভিনেত্রী নিজেই।
সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয়া আহসানের কাছে জানতে চাওয়া হয়, তার এমন কোনো ক্ষতিকর অভ্যাস আছে কি না, যা পরিবারের সদস্যরা ছাড়ার পরামর্শ দেন, কিন্তু তিনি চাইলেও তা ছাড়তে পারছেন না।
প্রশ্নের জবাবে হাসতে হাসতে জয়া আহসান বলেন, ‘আছে, বলা যাবে না।’
এরপর কিছুটা সময় নিয়ে নিজের সেই অভ্যাসের কথা জানান অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার পান খাওয়া উচিত। আমি ভীষণ পান খাই, জর্দা দিয়ে পান খাই। মাঝেমধ্যে খাই বিষয়টা তেমন নয়, প্রায়শই খাই। বিশেষ করে যখন চাপের মধ্যে থাকি, তখন পান খাই।’
জয়া আহসান জানান, ছোটবেলা থেকেই তার পান খাওয়ার অভ্যাস তৈরি হয়েছে। এর পেছনে রয়েছে তার নানুর স্মৃতি। অভিনেত্রীর ভাষ্য, তার নানু পান খেতেন এবং ছোটবেলায় তাকে পানের সামান্য অংশ মুখে দিতেন। সেখান থেকেই ধীরে ধীরে তার পান খাওয়ার অভ্যাস তৈরি হয়।
জয়া আহসানের নানুর পানের বাটা এখনো তার কাছে রয়েছে। এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নানুর পানের বাটা আমার কাছেই থাকে। নানুর পানের বাটা নিয়ে আমি অনেক অ্যাওয়ার্ড প্রোগ্রামেও গিয়েছি। এটি অনেকটা ক্লাচ ব্যাগের মতো, দেখতে বটুয়া টাইপ। এটা আমার অনেক কাছের, অনেক প্রিয়। পানের পসরা সাজিয়ে বসা থেকে দূরে যেতে চাই না। আমি পান খাই কিন্তু দাঁত দেখে তা বোঝা যায় না।’
এদিকে, অভিনয়ের ব্যস্ততায়ও নিয়মিত দর্শকদের সামনে হাজির হচ্ছেন জয়া আহসান। গত ১০ জুলাই কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। তিন বছর আগে দর্শকের হৃদয় ছুঁয়ে যাওয়া ‘অর্ধাঙ্গিনী’র পর এবার নতুন অধ্যায় নিয়ে বড়পর্দায় ফিরেছে সিনেমাটি।
‘আজও অর্ধাঙ্গিনী’তে পুরোনো সম্পর্কের আবেগের পাশাপাশি যুক্ত হয়েছে নতুন সংকট, নতুন সত্য এবং বেশ কিছু না-বলা অধ্যায়। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের জনপ্রিয় নির্মাতা কৌশিক গাঙ্গুলি।
মন্তব্য করুন