
যশোরের ঝিকরগাছা উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্টের আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেল ৫টায় ঝিকরগাছা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা।
সভাপতির বক্তব্যে তিনি জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি ঝিকরগাছার কৃতি সন্তান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ জাবিরসহ আন্দোলনে নিহতদের অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি আবু সাঈদ ও মুগ্ধসহ অন্যান্য শহীদদেরও স্মরণ করেন। বক্তব্যে তিনি পতিত স্বৈরাচার ও তাদের সহযোগীদের সমালোচনা করে বলেন, দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রস্তুত রয়েছে।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, বিএনপি নেতা শাহিন আহমেদ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কমল এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হাসানুজ্জামান রুবেল।
এ সময় বক্তব্য দেন পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রওনকুল ইসলাম, সদস্য সচিব নাঈম হোসেন, কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হোসেন চয়ন, সিনিয়র সহ-সভাপতি বিপ্লব হোসেন এবং জুলাই আন্দোলনের যোদ্ধা আব্দুল্লাহ আল মাহমুদ আকাশ।
অনুষ্ঠানে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলসহ উপজেলার ১১টি ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে জুলাই-আগস্টের আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মোবারকপুর পীরতলা জামে মসজিদের ইমাম মাওলানা মুশফিকুর রহমান।
মন্তব্য করুন