
বস্ত্র খাতের উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বাড়াতে বস্ত্রশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন সরকারপ্রধান। বৈঠকে দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং খাতটির বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি এ খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারের সহযোগিতা কামনা করেন তারা।
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বস্ত্রশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ব্যবসায়ী নেতারা। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী এবং বস্ত্র খাতের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা পর্যালোচনা ও সমাধানের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টরা মনে করছেন, এই কমিটির কার্যক্রমের মাধ্যমে দেশের বস্ত্রশিল্পের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল, সহ-সভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, বর্তমান পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব, বাদশা মিয়া ছাড়াও আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া, মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন