
মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলার ১৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকালে দলি গুলিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহান জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, এমপি। তিনি বলেন, “মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। একটি শিশুর শিক্ষাজীবনের ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক স্তরে। তাই শিক্ষার্থীদের সুশিক্ষিত, নৈতিক মূল্যবোধসম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীলতার পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে। বিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির তালুকদার এবং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন।
মতবিনিময় সভায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ, পাঠদানের গুণগত মান বৃদ্ধি এবং বিদ্যালয়ভিত্তিক শিক্ষা কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার ১৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন