
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি আবারও দ্রুত বাড়ছে। বুধবার (২২ জুলাই) সকালে নদীর পানি বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এতে চরাঞ্চলের মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৬টার দিকে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানির উচ্চতা আরও বাড়লে যেকোনো সময় বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইতোমধ্যে তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চলের বিভিন্ন ফসলের ক্ষেত পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। পানি বাড়তে থাকলে আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষক ও চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
এদিকে, তিস্তা নদীতে পানির চাপ বেড়ে যাওয়ায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের মাধ্যমে ব্যারেজের ওপর চাপ কমানোর চেষ্টা করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন