বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

ইনফ্যান্তিনোর পদত্যাগ দাবি তেবাসের

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০২:৪০ পিএম
ইনফ্যান্তিনোর পদত্যাগ দাবি তেবাসের

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে আবারও সরব হয়েছেন স্প্যানিশ লা লিগার সভাপতি হ্যাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করার সম্ভাব্য পরিকল্পনাকে ‘অযৌক্তিক’ ও ‘ফুটবল শিল্পের জন্য ক্ষতিকর’ বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে ইনফ্যান্তিনোর পদত্যাগও দাবি করেছেন তেবাস।

ইতালির প্রভাবশালী ক্রীড়া দৈনিক লা গ্যাজেত্তা দেলো স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে ৬৩ বছর বয়সী তেবাস ফিফার নির্বাচনব্যবস্থা, বিশ্বকাপের টুর্নামেন্ট পরিচালনা, শাস্তি প্রত্যাহার এবং হাইড্রেশন ব্রেকসহ বিভিন্ন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন।

তেবাসের মতে, বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা আরও বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। তার দাবি, ফুটবল শুধু বিশ্বকাপকে কেন্দ্র করে পরিচালিত হয় না। যদিও বিশ্বকাপ সবচেয়ে বড় আন্তর্জাতিক ফুটবল আসর, তবু পুরো ফুটবল ক্যালেন্ডারকে মাত্র একটি টুর্নামেন্টের প্রয়োজন অনুযায়ী সাজানো উচিত নয়।

লা লিগা সভাপতি বলেন, জাতীয় দলের সংখ্যা বাড়ানোর ফলে জাতীয় লিগগুলোর ওপর বাড়তি চাপ তৈরি হবে। মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য এমন একটি বিশাল ফুটবল শিল্পকে ঝুঁকির মুখে ফেলা ঠিক নয়, যেখানে লাখো মানুষের কর্মসংস্থান রয়েছে।

তার মতে, বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়ের সংখ্যা তুলনামূলকভাবে সীমিত। তাই পুরো ফুটবল কাঠামোকে বারবার বিশ্বকাপের চাহিদা অনুযায়ী পরিবর্তন না করে জাতীয় লিগগুলোকে আরও বেশি সুরক্ষা দেওয়া প্রয়োজন।

২০২৬ সালের বিশ্বকাপেই প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিয়েছে। এর আগে ১৯৯৮ সাল থেকে বিশ্বকাপে ৩২টি দল খেলেছে। এরই মধ্যে ২০৩০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে ৬৪ করার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

২০৩০ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। তেবাস মনে করেন, বিশ্বকাপে দল বাড়ানোর এমন উদ্যোগ ভবিষ্যতে ফুটবলের জন্য বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করতে পারে।

ইনফ্যান্তিনোর নেতৃত্ব নিয়েও সরাসরি প্রশ্ন তুলেছেন তেবাস। আগামী বছর মার্চে অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে ইনফ্যান্তিনো চতুর্থ মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে তেবাসের ভাষ্য, তার এখনই সরে দাঁড়ানো উচিত। তিনি বলেন, তার মতে ইনফ্যান্তিনোর সময় শেষ হয়ে গেছে।

তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, বর্তমান ব্যবস্থায় ইনফ্যান্তিনোর অবস্থান যথেষ্ট শক্তিশালী। বিভিন্ন জাতীয় ফুটবল ফেডারেশনের সমর্থন তার পক্ষে রয়েছে। ফলে বাস্তবে তাকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই বলেই মনে করেন তেবাস।

ফিফার নির্বাচনব্যবস্থাকেও অসুস্থ বলে আখ্যা দেন তিনি। তার দাবি, এখানে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা নেই, কারণ সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীরা আগেই জানেন যে তারা হেরে যাবেন। এই কারণে কোনো বিরোধী প্রার্থী দাঁড়ায় না এবং পুরো কাঠামোটিই ভারসাম্যহীন হয়ে পড়েছে।

তেবাস আরও বলেন, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ চলাকালে অনেক ফুটবল কর্মকর্তার সঙ্গে তার কথা হয়েছে। তাদের অনেকে ব্যক্তিগতভাবে ইনফ্যান্তিনোর নানা সিদ্ধান্তের সমালোচনা করলেও প্রকাশ্যে কেউ কথা বলতে চান না। তার মতে, অনেকে ফিফা সভাপতির সিদ্ধান্তের বিরোধিতা করেন, কিন্তু সামনে এসে কিছু করেন না। এই নীরবতা ও সহযোগিতার মধ্যে কোনটি বেশি ভয়ংকর, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনাও তীব্র সমালোচনার মুখে তুলেছেন তেবাস। তার অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্র সরকার সরাসরি হস্তক্ষেপ করে বালোগুনের নিষেধাজ্ঞা তুলে দিতে সহায়তা করেছিল। এটিকে তিনি অত্যন্ত গুরুতর ঘটনা বলে বর্ণনা করেন। তার মতে, যুক্তরাষ্ট্র যদি শেষ ষোলো থেকে বাদ না পড়ত, তাহলে এই ঘটনা ইনফ্যান্তিনোর জন্য বড় সংকট তৈরি করতে পারত। বেলজিয়ামের কাছে যুক্তরাষ্ট্রের হারের কারণে বিষয়টি চাপা পড়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, এটি ছিল কেবল হিমশৈলের চূড়ামাত্র।

ফিফার টুর্নামেন্ট পরিচালনা নিয়েও একের পর এক প্রশ্ন তুলেছেন তেবাস। তার অভিযোগ, ফিফা যেভাবে চায়, যখন চায়, নিজেদের স্বার্থেই সিদ্ধান্ত নেয়; ফুটবলের স্বার্থকে অগ্রাধিকার দেয় না।

বিশ্বকাপ ম্যাচে দীর্ঘ বিরতি এবং বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক নিয়েও তার আপত্তি রয়েছে। তিনি বলেন, ২৭ মিনিটের বিরতি দরকার হলে ফিফা সেটাই করে। তার দাবি, হাইড্রেশন ব্রেকের যে যুক্তি দেওয়া হয়, তা অনেক ক্ষেত্রে বাস্তবসম্মত নয়। লা লিগার উদাহরণ দিয়ে তেবাস বলেন, তাদের প্রতিযোগিতায় কেবল অতিরিক্ত গরমে এই বিরতি দেওয়া হয়। অথচ যুক্তরাষ্ট্রের ডালাস, লস অ্যাঞ্জেলেস ও আটলান্টার যেসব স্টেডিয়ামে ম্যাচ হয়েছে, সেগুলো শীতাতপ নিয়ন্ত্রিত ছিল। তার কথায়, সেখানে হাইড্রেশন ব্রেকের প্রয়োজনই ছিল না; বরং এটি বিজ্ঞাপনের জন্য অতিরিক্ত বিরতি ছিল।

সাম্প্রতিক সময়ে বিশ্বকাপের সম্প্রসারণ, প্রতিযোগিতার সময়সূচি, বাণিজ্যিক সিদ্ধান্ত এবং প্রশাসনিক হস্তক্ষেপ নিয়ে ফিফা ও জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে সমালোচনা বাড়ছে। তবে তেবাসের ভাষ্য অনুযায়ী, সংগঠনের বর্তমান ক্ষমতার ভারসাম্য এমন যে ইনফ্যান্তিনোকে চ্যালেঞ্জ করার মতো কার্যকর প্রতিদ্বন্দ্বী এখনো তৈরি হয়নি। সে কারণেই আগামী মেয়াদেও তার দায়িত্বে বহাল থাকার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলন ছড়িয়ে পড়ছে, রাহুলের পাঁচ দফা দাবি

তেলাপোকার রাজনীতি নাকি তরুণদের বিদ্রোহ?

ভাইরাল ভিডিও নিয়ে মোংলায় বিক্ষোভ, জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ

তিস্তার পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

‘ছি ছি নজরুল, লজ্জায় বাঁচি না’

ভরা মৌসুমেও ইলিশের সংকট

ইনফ্যান্তিনোর পদত্যাগ দাবি তেবাসের

লক্ষ্মীপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

ইরানে মার্কিন হামলা, সামরিক স্থাপনায় ব্যাপক বিস্ফোরণ

আটকের ২ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হলো রাহুল–প্রিয়াঙ্কাকে

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা-স্পেন ফের মুখোমুখি করার প্রস্তাব

ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি

জামায়াত এমপির থেকে কত বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী?

বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পেলেন ভোজিনহা

যশোরসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আজ স্বর্ণের ভরি কত?

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতায় বড় পরিবর্তনের উদ্যোগ ইসির

নড়াইলে হত্যা মামলার প্রধান আসামি রাজিব র‌্যাবের হাতে আটক

গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি

টিভিতে আজকের খেলার সূচি

X