
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে বাগেরহাটের মোংলায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচিতে তারা এমপির কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।
বুধবার (২২ জুলাই) দুপুরে মোংলা পৌরসভা চত্বরে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নারী-পুরুষ নেতাকর্মীরা অংশ নেন।
সভায় বক্তব্য দেন মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি এবং পৌর যুবদলের আহ্বায়ক আবুল কাশেমসহ স্থানীয় নেতারা।
বক্তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট ভিডিওতে যে ঘটনা সামনে এসেছে, তা জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সভা শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন এবং প্রতীকীভাবে থুথু নিক্ষেপ করে প্রতিবাদ জানান।
মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তিনি এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে জনজীবনে নৈতিক মূল্যবোধ রক্ষায় সবার দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
মন্তব্য করুন