
ইরানে নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় সকাল প্রায় ৭টার দিকে ইরানের বুশেহর এলাকায় একটি সামরিক স্থাপনায় হামলার খবর জানিয়েছে দেশটির বার্তাসংস্থা ফার্স নিউজ। একই সময়ে ইরানের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি একটি বিদ্যুৎকেন্দ্রেও হামলা হয়েছে। বুশেহরের গভর্নর মোহাম্মদ মোজাফফরি জানিয়েছেন, ওই বিদ্যুৎকেন্দ্রে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে পাশের একটি গ্রামে প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, খুজেনস্তান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজ ও রামশিরে কয়েক দফা বিস্ফোরণ ঘটে। এছাড়া হরমুজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় সিরিক শহরের জিয়ারাত গ্রামের কাছ থেকেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, খুজেনস্তান প্রদেশের বান্দর মাহশাহরের কাছেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে ফার্স নিউজ জানায়, দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহরের আশপাশে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এর আগে ইরান সতর্ক করে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র হামলা ও হুমকি অব্যাহত রাখলে উপসাগরীয় অঞ্চলে তেহরানের পাল্টা হামলাও বন্ধ হবে না।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আরও বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দিয়েছিলেন।
গালিবাফ লেখেন, যে অঞ্চলে আমরা তেল বিক্রি করতে পারব না, সেখানে অন্য কেউও তেল বিক্রি করতে পারবে না। আমাদের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনও অবকাঠামোই নিরাপদ থাকবে না।
চলতি মাসের শুরুতে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে ইসলামাবাদ সমঝোতা স্মারকে সই করেছিল। কিন্তু চুক্তির পরও যুক্তরাষ্ট্র টানা ১২ দিন ইরানে হামলা চালিয়েছে। অপরদিকে পালটা হামলা হিসেবে উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন অবকাঠামোকে টার্গেট করেছে তেহরান। এমনকি ইয়েমেনের হুথি বিদ্রোহীদেও লোহিত সাগর অবরোধের হুকুম দেয়।
মন্তব্য করুন