
যশোরের কেশবপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আফ্রিকান মাগুর মাছ চাষের দায়ে লিয়াকত আলী (৬৫) নামে এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা প্রায় ১৫০ কেজি আফ্রিকান মাগুর মাছ মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কেশবপুর শহরের মাছ বাজার এলাকার বাসিন্দা লিয়াকত আলী দীর্ঘদিন ধরে নিজের বাড়ির আঙিনার ড্রেনে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ করে আসছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা প্রায় ১৫০ কেজি আফ্রিকান মাগুর মাছ উপজেলা পরিষদ চত্বরে গর্ত করে মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম বলেন, "সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আফ্রিকান মাগুর মাছ চাষ করায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।"
মন্তব্য করুন